ট্রেনের সাড়ে ১৪ হাজার টিকিটের জন্য ‘হিট’ প্রায় ২ কোটি

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ , ৩ জুন ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

বাংলাদেশ রেলওয়ে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে। আজ দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রি হচ্ছে। পশ্চিমাঞ্চলের সাড়ে ১৪ হাজার যাত্রী ১৩ জুনের জন্য এই টিকিট কিনতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ কোটি ৯০ লাখ বার চেষ্টা (হিট) করেছেন।

সোমবার (৩ জুন) দুপুরে ঢাকা রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের সাড়ে ১৪ হাজার টিকিট বিক্রি শুরু হয়। টিকিট কিনতে ১ কোটি ৯০ লাখ হিট পড়েছে। দুপুর ২টার পর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে।

৩ জুন যারা অনলাইনে টিকিট কিনেছেন তারা ১৩ জুন ভ্রমণ করতে পারবেন। এর আগে রোববার থেকে রেলের অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী আসা-যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন। সর্বাধিক চারটি আসনের টিকিট কেনা যাবে। এক্ষেত্রে যাত্রীর সর্বোচ্চ এই ৪টি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকছে। ঈদযাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। কালোবাজারি প্রতিরোধে প্রতিবার টিকিট ক্রয়ের সময় নিবন্ধনকৃত মোবাইল নম্বরে ওটিপি (OTP) প্রেরণের ব্যবস্থা করা হয়। এবারের ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি।