জয়পুরহাটে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ , ২৯ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

জয়পুরহাটে কৃষক নুরুল হক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার সোটাহার ধারকী গ্রামের আ: রউফ, রুহুল আমিন, আলী হোসেন, খোকন হোসেন, বেলাল হোসেন, রোকন হোসেন, বাবু হোসেন, মিজানুর রহমান ও সিরাজুল।

অপরদিকে এ মামলার আসামি ক্ষেতলাল উপজেলার তিলাবদুল গ্রামের সাহেব আলীর ছেলে সানোয়ার হোসেন এবং জয়পুরহাট সদর উপজেলার সোটাহার ধারকি গ্রামের মৃত মেহের আলীর ছেলে কেতাব্বর এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১ নভেম্বর জয়পুরহাট সদর উপজেলার হিচমি গ্রামের কৃষক নুরুল হক শ্রমিকদের নিয়ে মাঠে ধান কাটতে যান। সেখানে জমি নিয়ে বিরোধের জের ধরে আসামীরা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে গুরুতর আহত করেন।

এসময় স্থানীয়রা তাকে প্রথমে জয়পুরহাট জেলা হাসপাতাল ও পরে বগুড়ার শ.জি.মে.ক হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।