ভোটে দাঁড়াতে খালেদার উপদেষ্টার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ , ২৭ নভেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

বিএনপি এখনও পর্যন্ত দলীয় সরকারের অধীনে নির্বাচনে না আসার আসার সিদ্ধান্তে অটল থাকলেও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ. কে. একরামুজ্জামান।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে একরামুজ্জামানের পক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রাহ করা হয়। একরামুজ্জামান আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, তফসিল ঘোষণার পর থেকেই রিটার্নিং কর্মর্তার কার্যালয় থেকে সম্ভাব্য প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলছে। সোমবার পর্যন্ত ৩৮টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতার জন্য একরামুজ্জামানের পক্ষে বকুল মিয়া নামে একজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের বিপরীতে সোমবার পর্যন্ত ৩৮টি মনোনয়ন ফর বিতরণ করা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ৩টি, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে ৪টি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে ৭টি, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে ৬টি, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১২টি এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে প্রতিদ্ব›দ্বীতার জন্য ৬টি মনোনয়ন ফরম নিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম। তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি নেতা ও ব্যবসায়ী একরামুজ্জামানকেই মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা।

মনোনয়ন ফরম সংগ্রহকারী বকুল মিয়া দলীয় কর্মী উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ. কে. একরামুজ্জামান বলেন, ‘আমার শুভাকাঙ্খীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতেই পারেন। তবে আমি নির্বাচন করব কিনা- এখনও সিদ্ধান্ত নেইনি। দু-একদিনের মধ্যে আমি জানাব’।