নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব গ্রেপ্তার

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ , ২৭ নভেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

বিএনপির ডাকা অবরোধ সমর্থনে নওগাঁয় মিছিল বের করলে সেই মিছিল থেকে জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেনকে (পলাশ) গ্রেপ্তার করেছে পুলিশ। (২৭নভেম্বর) সোমবার বিকেলে শহরের ব্রিজের মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিএনপির নেতা-কর্মী সূত্রে জানা যায়, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম (টুকু) ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা শহরের ব্রিজের মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি ব্রিজের মোড় এলাকায় পুরাতন সোনালী ব্যাংক রোড এলাকায় পৌঁছালে পুলিশ মিছিল থেকে বায়েজিদ হোসেন পলাশকে গ্রেপ্তার করে পুলিশ।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘গত ২৯ অক্টোবর আমি ঢাকায় ছিলাম আমার সাথে বায়েজিদ হোসেন পলাশসহ দলের অনেক নেতাকর্মীরা ঢাকায় অবস্থান করছিলাম। অথচ ওই মামলায় তাঁর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এবং আজকে সেই ভুয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করা হলো।

তিনি আরও বলেন, এ ধরণের মিথ্যা ও গায়েবী মামলায় গত এক মাসে শুধু নওগাঁ সদর উপজেলা থেকেই এ নিয়ে বিএনপির ১২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো। পুরো জেলায় এসব গায়েবি মামলায় প্রায় ৬ শতাধিক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবী করেন তিনি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, গত ২৯ অক্টোবর নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় বায়েজিদ হোসেন পলাশ এজহারভুক্ত আসামি। এত দিন পলাতক ছিলেন। আজ বেলা ৩টার দিকে পুলিশ তাঁর অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে শহরের ব্রিজের মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।