১০ বছর পলাতকের পর ডাকাত সর্দার এমরান গ্রেফতার

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ , ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে পলাতক ডাকাত সর্দার ইমরান হোসেন এমরানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইমরান হোসেন এমরান উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলাম নগর গ্রামের কুটি মিয়ার ছেলে।

গত বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন, এএসআই রুমান মিয়া সঙ্গীয় ফোর্সসহ কক্সবাজার জেলার রামু থানাধীন চাইন্দা ছরারকুল এলাকায় অভিযান পরিচালনা করে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার ইমরান হোসেনকে গ্রেফতার করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান,‘অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় স্যার এবং অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ স্যারের সার্বিক সহায়তায় আমরা কক্সবাজার জেলা থেকে ডাকাত ইমরানকে গ্রেফতার করি। গ্রেফতারকৃত ইমরান প্রায় ১০ বছর যাবত পলাতক ছিল।

তিনি জানান, সে কুমিল্লা,ফেনী, চট্রগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরেফিরে থাকতো। তার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলাসহ ৮ টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ইস্যু ছিল। তাকে বৃহস্পতিবার কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।