অবৈধ ও নিম্নমানের ৪৩৫ বস্তা চা পাতা জব্দ শ্রীমঙ্গলে চা পাতার গোডাউনে অভিযান

প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ , ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ,মেয়াদ উর্ত্তীণ ও বিভিন্ন নামীদামী ব্রান্ডের নকল চা পাতার গোডাউনে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ চা বোর্ড। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর  ১টায়  চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রুহুল আমিনের নেতৃত্বে শহরের সোনার বাংলা রোডে মেসার্স তানভীর টি হাউজে সমর মিয়ার চা পাতার গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়৷ এসময় ওই গোডাউনে থাকা ৪৩৫ বস্তা  চা পাতা জব্দ করা হয় এবং গোডাউন সীল গালা করা হয় ।

চা বোর্ড সূত্রে জানা যায়,শহরের সোনা বাংলা রোডে সময় মিয়া দীর্ঘ দিন থেকে দেশের নামীদামী ব্রান্ড ফিনলে টি কোম্পানি,ভারতীয় চা ব্রান্ড কলকাতা টিসহ দেশের বিভিন্ন নামীদামী ব্রান্ডের মোড়ক নকল করে চা পাতা বাজারজাত করে আসছেন। এসময় গোডাউনের ভেতরে নকল মোড়ক মেশিনসহ সব ধরনের উপকরণ পাওয়া যায়। গোডাউনের ভেতর প্রায় ৪৩৫ বস্তা চা পাতার বস্তা জব্দ করা হয়েছে। এসব চা পাতা দেশের চা পাতা নয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এসব চা পাতার বস্তার মধ্যে অধিকাংশ নিম্নমানের, মেয়াদ উত্তীর্ণ। গোডাউনের ভেতরে ঢুকে মনে হয়েছে এ যেন একটি আস্তা চা ফ্যাক্টরি। অথচ এর ভেতরে এত অপকর্ম হয় তা কেউ বুঝতে পারেনি এত দিন।

শুক্রবার পুরো বিষয়টি পরিক্ষা নিরীক্ষা করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। গোডাউনে চা পাতার মূল মালিক সমর মিয়াকে না পাওয়া গেলেও তার ভাই জব্বর আলীকে ঘটনাস্থলে পাওয়া যায়।

ছবি: কালের বিবর্তন।

এসময় চা বোর্ডের (পিডিউ) পরিচালক ড.রফিকুল ইসলাম,বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) পরিচালক ইসমাইল হোসেন,শ্রীমঙ্গল থানা পুলিশের ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সময় মিয়ার গোডাউনে অভিযান পরিচালনা করি। এসময় ফিনলে টি কোম্পানি, ভারতীয় তুফান ব্র্যান্ডের নকল চা পাতার প্যাকেট সহ দেশের নামীদামী ব্রান্ডের নকল মোড়ক,মেশিন ও আরও বিভিন্ন উপকরণ জব্দ করি। চা পাতা দেখে মনে হচ্ছে এগুলো দেশীয় চা পাতা নয়।

তিনি আরোও বলেন বৃষ্টির কারণে বৃহস্পতিবার পুরো প্রক্রিয়া শেষ করা যায়নি, গোডাউন সীল গালা করা হয়েছে,আগামীকাল শুক্রবার সকাল ১০টায় যাচাই-বাছাই করে ভ্রাম্যমান আদালত পরিচালনা কর হবে বলে জানান।