বৃষ্টিতে রাস্তার জমা পানিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে শিশুসহ ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ , ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় বৃষ্টির মধ্যে রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মিরপুরে কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মিজান, তার স্ত্রী মুক্তা ও লিমা আক্তার। মুক্তার ছেলে ছয়মাস বয়সী হোসাইন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। অনিক নামে আরেক ব্যক্তি মারা গেছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুর-১ নম্বর এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে চারজন মারা গেছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মধ্যে তিনজন একই পরিবারের।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঢাকায় বজ্রপাতসহ প্রবল বৃষ্টি হয়। এতে রাজধানীর প্রধান সড়কসহ অলিগলি পানিতে তলিয়ে যায়। বেশির ভাগ জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যান চলাচল ব্যাহত হয়।