শেরপুর নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত

প্রকাশিত: 3:20 pm , 27 November 2026, Friday , পোষ্ট করা হয়েছে 1 hour আগে
ছবি- কালের বিবর্তন।

নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষ্যে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টা ১৫ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে এ ম্যারাথনের অনুষ্ঠানটিক উদ্বোধন করেন জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ মিনি ম্যারাথনে অংশ নেন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, কর্মজীবী নারী ও গৃহিণীসহ নানা বয়সের প্রায় ৫ শতাধিক নারী । তারা শহরের অষ্টমীতলা হয়ে দীর্ঘ ৬ কিলোমিটার পথ অতিক্রম শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের দৌড় শেষ করেন।

ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংরক্ষিত নারী আসন-১৫-এর মনোনীত সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন।

পুরস্কার বিতরণী পর্বে ম্যারাথনে সেরা নৈপুণ্য প্রদর্শনকারী ২৫ জন প্রতিযোগীর গলায় সম্মাননা পদক পরিয়ে দেওয়া হয় এবং শীর্ষ ১০ জন প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।

জেলা পরিষদের সৌজন্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার হিসেবে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া ৪র্থ স্থান অধিকারিনীকে রাজিয়া সামাদ ডালিয়ার পক্ষ থেকে একটি বাইসাইকেল প্রদান করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

এ সময় জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রসিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

মন্তব্য লিখুন

আরও খবর