পাইকগাছায় শীতের আগমনী বার্তায় বাড়ছে লেপ-তোষক তৈরির ব্যস্ততা

প্রকাশিত: 6:30 pm , 29 November 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 9 hours আগে
ছবি- এম জালাল উদ্দীন।

এম জালাল উদ্দীন:পাইকগাছা(খুলনা)

গ্রামবাংলার শীতের সকালে খেজুরের রস সংগ্রহে গাছিদের ব্যস্ততা, ঘাসের ডগায় জমে থাকা শিশির আর চারপাশে কুয়াশার আবরণ-সব মিলিয়ে প্রকৃতিতে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া ও সন্ধ্যার পর শীতের অনুভূতি বাড়তে থাকায় শীত মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছেন খুলনার পাইকগাছা উপজেলার মানুষ। এরই মধ্যে হাট-বাজারের লেপ-তোষকের দোকানগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা। শীতকে সামনে রেখে বাড়ছে লেপ-তোষক তৈরির পাশাপাশি কেনাকাটাও।

পাইকগাছা উপজেলা ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। উপজেলার কপিলমুনি, রাড়ুলী, চাঁদখালী, গড়ইখালীসহ পৌর সদরে রয়েছে লেপ-তোষক তৈরির ও বিক্রির একাধিক দোকান। সরকারি তথ্য অনুযায়ী, উপজেলায় নারী-পুরুষ মিলিয়ে ভোটার সংখ্যা ২ লাখ ৪০ হাজার ১৭২ জন। অন্যদিকে, অপ্রাপ্তবয়স্ক ও শিশুসহ উপজেলায় প্রায় ৪ লাখ মানুষের বসবাস। শীতের আগমনী বার্তায় এসব এলাকার লেপ-তোষকের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করেছে। ফলে শীত মোকাবিলার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠেছেন ক্রেতা-বিক্রেতারা।

চাহিদা অনুযায়ী তৈরি হচ্ছে বিভিন্ন আকার ও মানের লেপ-তোষক। দোকানেই মিলছে তুলা, কাপড়সহ তৈরির প্রয়োজনীয় উপকরণ এবং কারিগরের সেবা। ফলে ক্রেতারা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী তৈরি করে নিচ্ছেন লেপ-তোষক।

দোকানগুলোতে আকার ও তুলার মানভেদে বিভিন্ন দামে তৈরি হচ্ছে লেপ। ৩ বাই ৫ হাতের একটি লেপ তৈরিতে খরচ পড়ছে প্রায় ৭৫০ টাকা, ৪ বাই ৫ হাতের লেপ ৯০০ টাকা এবং সাড়ে ৩ বাই ৫ হাতের লেপ ৮০০ টাকা। লাল শালু কাপড় ও ডিটু তুলা দিয়ে তৈরি হচ্ছে এসব লেপ। তবে গত বছরের তুলনায় তুলা ও কাপড়ের দাম বেড়ে যাওয়ায় লেপ-তোষক তৈরির খরচও বেড়েছে। এতে কিছুটা বাড়তি ব্যয়ের মুখে পড়ছেন ক্রেতারা। তারপরও শীতের প্রস্তুতি হিসেবে সাধ্যের মধ্যে পছন্দের লেপ-তোষক তৈরি করে নিচ্ছেন অনেকে।

মৌসুমের শুরুতেই ক্রেতাদের উপস্থিতি বাড়ায় ব্যস্ততা বেড়েছে কারিগরদের। তুলার জট ছাড়ানো, ধুলাবালি পরিষ্কার, কাপড় কাটা ও সেলাইসহ বিভিন্ন পরিশ্রমসাধ্য কাজ করতে হয় তাঁদের। তবে কয়েক বছর ধরে মজুরি না বাড়ায় কিছুটা অসন্তোষ রয়েছে কারিগরদের মধ্যে।

লেপ-তোষক তৈরির কারিগর মো. হাবিবুর রহমান জানান, সারা বছরই তাঁরা লেপ-তোষক তৈরি ও মেরামতের কাজ করেন। তবে শীতের মৌসুমে কাজের চাপ কয়েক গুণ বেড়ে যায়। প্রতিদিন তিনি ৮ থেকে ১০টি লেপ-তোষক তৈরি করেন। শীতের শুরুতে নতুন লেপ তৈরির পাশাপাশি পুরোনো লেপ-তোষক মেরামতের কাজও বেড়েছে বলে জানান তিনি।

সুরাইয়া বেডিং হাউসের মালিক জিএম ফজর আলী জানান, বর্তমানে প্রতিদিন ১০ থেকে ১৫টি লেপ-তোষক বিক্রি হচ্ছে। সাদা, রঙিন, ফাইবার ও কাবাস তুলা দিয়ে বিভিন্ন ধরনের লেপ-তোষক তৈরি করা হয়। পাশাপাশি পুরোনো লেপ-তোষক মেরামত করাতেও আসছেন অনেকে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে আবহাওয়া অফিসের তথ্যমতে, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা শীত অনুভূত হতে শুরু করে।

মন্তব্য লিখুন

আরও খবর