নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ , ১৫ নভেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 19 minutes আগে
প্রতিকী ছবি।

নেত্রকোনার কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী কিশোরীর বাবা মো. জুলহাস মিয়া (৪৫) বাদী হয়ে রোববার (১৫ নভেম্বর) কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

এঘটনাটি গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বাদীর বসতবাড়ি পেছনে ঘটে। মামলায় প্রধান আসামি করা হয়েছে প্রেমিক শুভ মিয়া (২৪) নামের এক যুবককে। তিনি উপজেলার বলাইশিমূল ইউনিয়নের কামারগাঁও গ্রামের বদরুজ্জামান ওরফে লিটনের ছেলে। অপর আসামিরা হলেন একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে নুরে আলম (৩৩) ও ফজলু মিয়ার ছেলে শাহ আলম (৩১)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত শুভর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে শুভ মিয়া গত ১৩ নভেম্বর রাত ১০টার দিকে কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে বসতবাড়ির পেছনের একটি ফসলি জমিতে যায়।

পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী নুরে আলম ও শাহ আলম সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে শুভ ও শাহ আলম অটোরিকশা আনার কথা বলে সেখান থেকে চলে যায়।পরে নুরে আলম কিশোরীকে প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় কিশোরী চিৎকার করে শুভকে ডাকলে সে ফিরে আসে। পরে শুভও কিশোরীকে ধর্ষণ করে এবং তার মোবাইল ফোন দিয়ে নুরে আলমকে ঘটনার ভিডিও ধারণ করতে বলে। এরপর শাহ আলমও কিশোরীকে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কিশোরীকে বাড়িতে না ফিরে যেখানে ইচ্ছা চলে যেতে বলে অভিযুক্তরা। পরে রাত ১টার দিকে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

ভয়ে বাড়িতে না ফিরে কিশোরী প্রথমে গোপালপুর গ্রামে এক বান্ধবীর বাড়িতে যায়। সেখানে আশ্রয় না পেয়ে পরে শিবপুর গ্রামে আরেক বান্ধবীর বাড়ির বারান্দায় রাত কাটায়। পরদিন সকালে বিষয়টি জানতে পেরে বান্ধবীর মা ওই কিশোরীর পরিবারকে খবর দেন।

পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পর থানায় মামলা করেন বাবা।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা রুজু করেছি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।