দর্শনায় বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রকাশিত: 11:19 am , 29 November 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 19 hours আগে
সংগৃহীত ছবি।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরে স্থানীয় বিএনপি নেতা এনামুল হক মুকুল শাহর বাসায় জয়বাংলা স্লোগান দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে সংঘটিত এই আকস্মিক হামলায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। রাতের নিস্তব্ধতা ভেদ করে হঠাৎ এই বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৩টার দিকে শহরের পুরাতন বাজার এলাকায় বিএনপি নেতা এনামুল হক মুকুল শাহর বাসভবনের সামনে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত এসে জড়ো হয়। এ সময় তারা নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেয় এবং একপর্যায়ে বাসভবনকে লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।

বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলে বাড়ির প্রধান গেটের কিছু অংশ পুড়ে যায় এবং এলাকায় মুহূর্তের মধ্যে ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। তবে বিস্ফোরিত হওয়ার আগেই বা তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও গোয়েন্দা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে জোরদার অভিযান শুরু হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী বিএনপি নেতা এনামুল হক মুকুল শাহ সাংবাদিকদের বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা রাজনৈতিকভাবে দিশেহারা হয়ে এখন কাপুরুষোচিত হামলা চালাচ্ছে। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা দেশকে অস্থিতিশীল করতে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

দেশের শান্তিপ্রিয় জনগণ এই ধরনের নাশকতার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। তিনি অবিলম্বে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য লিখুন

আরও খবর