কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ , ১৪ নভেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 27 minutes আগে
ছবি- লিটন তালুকদার।

লিটন তালুকদার কালাই জয়পুরহাট: আর নয় দেরি, ব্যবস্থা নিন এখনই এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কালাই পৌরসভার ডায়াবেটিস হাসপাতাল থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং জয়পুরহাটের সিভিল সার্জন মো. আল মামুন।

কালাই ডায়াবেটিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহীম হোসেন ফকির,সিনিয়র যুগ্ম আহবায়ক মৌদুদ আলম, পৌর বিএনপি আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুল আলীমসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালাই ডায়াবেটিক সমিতির সভাপতি ফয়সাল আহমেদ।

বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ, শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানোর আহ্বান জানান।