প্রতিকূলতা পেরিয়ে জনতার দুয়ারে কদিমচিলানে মহসিন আলম

প্রকাশিত: 12:19 pm , 29 November 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 18 hours আগে
ছবি- সালাহ্ উদ্দিন।

রাজনৈতিক প্রতিকূলতা, একাধিক মামলা, দীর্ঘ কারাবাস ও নানা চড়াই-উতরাই পেরিয়ে এবার জনসেবার প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন নাটোরের লালপুর উপজেলার ১০ নং কদিমচিলান ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো. মহসিন আলম।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

স্থানীয় পর্যায়ে তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা এবং বিগত সরকারের আমলে মামলা, কারাবরণ ও নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে এলাকায় আলোচনা রয়েছে। তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, প্রতিকূল পরিস্থিতিতে অবিচল থাকা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

মহসিন আলমের জন্ম ১৯৯৬ সালের ১ জানুয়ারি লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পুকুরপাড়া চিলান গ্রামে। তাঁর বাবা মো. মকলেছুর রহমান এবং মা মোছা. মর্জিনা বেগম। শিক্ষাজীবনে তিনি ধানাইদহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে ২০১১ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ৪.০০ অর্জন করেন।

২০১৪ সালে ধানাইদহ খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ, নাটোর থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। ২০২৩ শিক্ষাবর্ষে রাজশাহী আইন কলেজ থেকে এলএলবি পরীক্ষায় সিজিপিএ ৩.৩৪ অর্জন করেন।

তাঁর রাজনৈতিক জীবনের শুরু ২০১৩ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদানের মধ্য দিয়ে। ওই বছরের ২৮ ফেব্রুয়ারি একটি হত্যা মামলার আসামি হওয়ার পর দীর্ঘ সময় এলাকায় থাকতে পারেননি বলে তিনি জানান।

তাঁর ভাষ্য অনুযায়ী, সে সময় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং মামলার কারণে নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়াও সম্ভব হয়নি। ২০১৪ সালে আদালতে আত্মসমর্পণের পর প্রায় দুই মাস কারাভোগ শেষে মুক্তি পেয়ে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

২০১৫ সালে ছাত্রশিবিরের সাথী শপথ গ্রহণের পর কদিমচিলান ইউনিয়নের বাইতুল মাল সম্পাদক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন শুরু করেন। পর্যায়ক্রমে ইউনিয়ন সভাপতি, থানা অফিস সম্পাদক, থানা সেক্রেটারি, লালপুর উপজেলা পূর্বের সভাপতি এবং নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে জেলা আইন সম্পাদক, প্রকাশনা সম্পাদক, এইচআরডি সম্পাদক, অফিস সম্পাদক ও জেলা সেক্রেটারির দায়িত্বও পালন করেন। ২০২১ সালে নাটোর জেলা সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। পরে কেন্দ্রীয় আইন বিভাগের দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে কারাবাস তাঁর শিক্ষাজীবন ও পারিবারিক জীবনেও প্রভাব ফেলেছে বলে জানান মহসিন আলম। তাঁর ভাষ্য, কারাগারে থাকা অবস্থায় বিয়ে, সন্তানের জন্ম এবং আইন বিষয়ে পড়াশোনার মতো জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পার করতে হয়েছে।

২০২৩ সালে আরেকটি হত্যা মামলায় তাঁর বৃদ্ধ বাবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রায় তিন মাস ১২ দিন কারাভোগের পর ১২ ডিসেম্বর তিনি রাজশাহী কারাগার থেকে মুক্তি পান বলে জানান। তবে একই বছরের ২০ ডিসেম্বর পূর্বের একটি হত্যা মামলায় তাঁর বাবাসহ ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়।

এরপর তিনি আবার আদালতে আত্মসমর্পণ করে কারাবরণ করেন। দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিকূলতার অভিজ্ঞতা নিয়ে এবার তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন।

এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন বলে তাঁর প্রচারসংশ্লিষ্টরা জানিয়েছেন।

মহসিন আলমের সমর্থকদের প্রত্যাশা, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রতিকূলতার মধ্য দিয়ে গড়ে ওঠা সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে পারবেন। তবে নির্বাচনে তাঁর অবস্থান কতটা শক্তিশালী হবে, তা নির্ধারিত হবে ভোটারদের সিদ্ধান্তের মধ্য দিয়েই।

সব প্রতিকূলতা পেরিয়ে এবার তাঁর লক্ষ্য নির্বাচনের মাঠে জনসমর্থনকে ভোটে রূপান্তর করা। কদিমচিলান ইউনিয়নের আসন্ন নির্বাচনকে ঘিরে তাই প্রার্থী হিসেবে মহসিন আলমের প্রচারণাও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

মন্তব্য লিখুন

আরও খবর