কেন্দুয়ায় ফার্ম অ্যাকসেস রোড নিয়ে কৃষকদের ক্ষোভ, উড়ল লাল নিশান

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ , ১৬ নভেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 13 minutes আগে
ছবি- মজিবুর রহমান।

মজিবুর রহমান, নেত্রকোণা: নেত্রকোনার কেন্দুয়ায় বাহারাইল বিল উপ-প্রকল্পের ফার্ম অ্যাকসেস রোড নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। প্রস্তাবিত স্থানে লাল নিশান টানিয়ে নির্মাণকাজে আপত্তি জানিয়েছেন তাঁরা। কৃষকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে উঁচু রাস্তা নির্মাণ করা হলে একাধিক গ্রামের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এতে ব্যাহত হবে কৃষি উৎপাদন, হুমকির মুখে পড়বে কৃষকদের জীবিকা।

ঘটনাটি ঘটেছে উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল এলাকায়। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সরেজমিনে গেলে শতাধিক কৃষক তাঁদের সমস্যার কথা জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন জাইকার অর্থায়নে বাহারাইল বিল উপ-প্রকল্প (এসপি নং-২৫২৮৫) বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

দুই অংশে প্রায় ৯৬ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ১০০ মিটার বাঁধ নির্মাণসহ প্রকল্পের কাজের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে ইটাচকি থেকে জুড়াইল মেইন রোড পর্যন্ত ফার্ম অ্যাকসেস রোড নির্মাণের জন্য চেইনেজ ০+৭১৫ কিলোমিটার থেকে ১+১২০ কিলোমিটার পর্যন্ত স্থান নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের কাজ শুরু হয়েছে।

তবে প্রস্তাবিত স্থান নিয়ে আপত্তি তুলেছেন জুড়াইল গ্রামের কৃষকেরা। তাঁদের দাবি, রাস্তা নির্মাণের প্রয়োজন হলে তা নদীর পাড়সংলগ্ন এলাকায় করা উচিত।

কিন্তু ফসলি জমির ভেতর দিয়ে উঁচু রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ায় কৃষিজমির ক্ষয়ক্ষতির পাশাপাশি স্বাভাবিক পানি নিষ্কাশনব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে আশপাশের একাধিক গ্রামের কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

স্থানীয় কৃষক হাবিবুর রহমান, কালাম, শহিদ মিয়া, হুমায়ুন ও সোনা মিয়াসহ অনেকে বলেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করায় জমিতে বড় বড় গর্তের সৃষ্টি করা হচ্ছে। এতে আবাদি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামনে বোরো মৌসুম।

এ অবস্থায় রাস্তা নির্মাণ করা হলে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ধান আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে তাঁদের দুই ফসলি জমি অনাবাদি হয়ে পড়তে পারে। বিষয়টি নিয়ে তাঁরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

জুড়াইল গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল আজিজ বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে গ্রামের মানুষের ব্যাপক ক্ষতি হবে। আমাদের দুই ফসলি জমিতে এক ফসলও ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। কৃষকদের ক্ষতির বিষয়টি বিবেচনা না করে কোনোভাবেই প্রকল্প বাস্তবায়ন করা উচিত নয়।

স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মিয়া বলেন, এই রাস্তা নির্মাণ করা হলে জুড়াইল গ্রামের ৪০ থেকে ৫০টি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের আশঙ্কা, রাস্তার কারণে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এতে কৃষকেরা ফসল উৎপাদন করতে পারবেন না। বিষয়টি গুরুত্ব দিয়ে কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

এদিকে প্রকল্পের সভাপতি দীন ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রকল্প গ্রহণের জন্য ২০২২ সাল থেকে ধাপে ধাপে মাপজোক করা হয়েছে। তখন কেউ বাধা দেয়নি। এখন কি কারণে তারা বাধা দিয়ে লাল নিশান উড়াল জানি না। তবে জমির মালিকগণ বাধা দিচ্ছেন বা বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

মন্তব্য লিখুন

আরও খবর