• দেশজুড়ে প্রধান সংবাদ
  • শেরপুর জেলাপ্রশাসক কার্যালয়ের সোলার পাওয়ার প্ল্যান্টের বাড়তি বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

শেরপুর জেলাপ্রশাসক কার্যালয়ের সোলার পাওয়ার প্ল্যান্টের বাড়তি বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ , ১৬ নভেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 23 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুর জেলাপ্রশাসক কার্যালয়ের ছাদে বসানো সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুতে চলছে দাপ্তরিক কার্যক্রম। নিজেদের বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে। নেট মিটারিং পদ্ধতিতে সরবরাহ করা হচ্ছে অব্যবহৃত বিদ্যুৎ। ছুটির দিনে কার্যালয় বন্ধ থাকায় উৎপাদিত বিদ্যুতের বাড়তি অংশ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর থেকে প্ল্যান্টটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে।

জানা গেছে, জ্বালানি সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপন করা হয়েছে ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট। এতে ব্যয় হয়েছে ২৩ লাখ ৮৮ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান রেনকন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

প্ল্যান্টটি চালু হওয়ায় প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমার পাশাপাশি সরকারি অর্থও সাশ্রয় হচ্ছে। প্ল্যান্টটিতে স্থাপন করা হয়েছে ৬২৫ ওয়াট ক্ষমতাসম্পন্ন ৯৬টি সৌর প্যানেল। এসব প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে ইন্টারনেট সংযোগ-সুবিধাসম্পন্ন দুটি অন-গ্রিড ইনভার্টার।

জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে এ সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে ১ হাজার ৪৯৬ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। শেরপুরের সরকারি দপ্তরগুলোর ছাদে সৌর প্যানেল স্থাপন করা গেলে দেড় থেকে দুই মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে সরকারি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করা যাবে।

জেলা প্রশাসকের কার্যালয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের এ উদ্যোগ দেখে আগ্রহী হয়ে উঠছেন সাধারণ মানুষও। অনেকে নিজ উদ্যোগে বাসাবাড়িতে সৌর প্যানেল স্থাপন করছেন। এতে নিজেদের বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি বিদ্যুৎ বিল কমানোর সুযোগ তৈরি হচ্ছে।

বর্তমানে শেরপুর জেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দৈনিক চাহিদা ৪৪ মেগাওয়াট। অন্যদিকে পল্লী বিদ্যুতের দৈনিক চাহিদা ৪৫ মেগাওয়াট। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ চাহিদার একটি অংশ সৌরশক্তির মাধ্যমে পূরণ করা গেলে প্রচলিত বিদ্যুৎ সরবরাহের ওপর চাপ কমবে।

জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ বলেন, এ সোলার পাওয়ার প্ল্যান্টটির মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে দিনের বেলা বিদ্যুতের চাহিদা পূরণ হচ্ছে। একই সঙ্গে জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে। শেরপুর জেলায় এটিই প্রথম সৌরবিদ্যুৎ কার্যক্রম। এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় উদ্যোগ।

তিনি আরও বলেন, জেলায় প্রায় ২৩০টি সরকারি দপ্তর রয়েছে। এসব দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা গেলে দেড় থেকে দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে সরকারি দপ্তরগুলো নিজেদের বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। এ বিষয়ে আমড়া ইতিমধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি এবং চিঠি দিয়েছি।

তারা ইতিবাচক সাড়া দিয়েছে। পাশাপাশি বেসরকারি গ্রাহকদেরও সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। তারাও সৌর প্যানেল স্থাপনে আগ্রহ প্রকাশ করছেন।

এ বিষয়ে জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, আমড়া এ সোলার পাওয়ার প্ল্যান্টটির বিদ্যুৎ নিজেরা ব্যবহার করছি। কার্যালয়ের দৈনন্দিন কার্যক্রমে এ বিদ্যুৎ কাজে লাগছে। এতে প্রতি মাসে সরকারি অর্থ ১ লাখ ৫ হাজার টাকা সাশ্রয় হচ্ছে।

পাশাপাশি জেলার সব সরকারি দপ্তরে সৌর প্যানেল স্থাপনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায়েও এ উদ্যোগ সম্প্রসারণের প্রক্রিয়া চলছে।