
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: দীর্ঘ আট বছরের প্রতীক্ষা শেষে আগামী শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার ১৩৫টি পঞ্চায়েতের অধীনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। সবুজ গালিচায় মোড়া প্রতিটি চা-বাগানের শ্রমিক লাইনে এখন কেবলই উৎসবের আমেজ। নিজেদের অধিকার আদায়ের যোগ্য প্রতিনিধি বেছে নিতে মুখিয়ে আছেন লক্ষাধিক চা শ্রমিক। ভোটগ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,শনিবার (২৮ নভেম্বর)সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগান ও কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলবে। এতে প্রায় ১ লাখ ৪৫ হাজার ভোটার অংশ নেবেন। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬শ-এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার মোট ১৩৫টি পঞ্চায়েতের অধীনে এবার ৬০ হাজার ৪৮২ জন চা শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতে ১৮ হাজার ৮২২ জন,রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন,বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, এবং মৌলভীবাজার সদর উপজেলায় ৩টি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।
কমলগঞ্জের মাধবপুর চা-বাগানের প্রবীণ শ্রমিক রবিদাস গোয়ালা বলেন,আট বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে আমরা ভীষণ খুশি। কমলগঞ্জের আলীনগর চা-বাগানের তরুণ শ্রমিক সুমন মুন্ডা জানান, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় শ্রমিকদের অনেক দাবিই অমীমাংসিত রয়ে গেছে। এবার আমরা শিক্ষিত ও সৎ তরুণ নেতৃত্ব দেখতে চাই, যারা মালিকপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে আমাদের ন্যায্য অধিকার আদায় করে আনতে পারবেন।
কমলগঞ্জের কুরমা চা-বাগানের শ্রমিক লছমী তেলী বলেন,ভোটের পরিবেশ এখন পর্যন্ত বেশ ভালো। কোনো ভয়ভীতি ছাড়াই যেন আমরা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি, প্রশাসনের কাছে সেটাই আমাদের প্রত্যাশা।
শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগানের শ্রমিক কার্তিক বাউরি বলেন, যারা আমাদের মৌলিক সমস্যাগুলো সমাধানে আন্তরিক হবেন এবং বাগানের উন্নয়নে কাজ করবেন, আমরা তাদেরই ভোট দেব।
কমলগঞ্জের মিরতিংগা চা-বাগানের শ্রমিক মন্তু বাউরি বলেন, এবার আমরা নতুন নেতৃত্ব চাই। আমাদের খুব সতর্কভাবে নেতা নির্বাচন করতে হবে। শ্রীমঙ্গলের কালিঘাট বাগানের অরুণ তাঁতি এবং কালিটি বাগানের শ্রমিক নেতা দিলীপ কুমার দাস বলেন, প্রার্থীরা একে অপরকে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বা বিএনপির অনুসারী হিসেবে চিহ্নিত করতেই বেশি ব্যস্ত।
অথচ শ্রমিকদের অধিকার নিযয়ে কারও কোনো মাথাব্যথা নেই।
নির্বাচনের পরিবেশ ও আয়োজন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থী ও সাবেক নেতারা। মনু-দলই ভ্যালি কমিটির সভাপতি পদপ্রার্থী লিটন গঞ্জু এবং সহসভাপতি প্রার্থী আশা অরনাল জানান,সাধারণ শ্রমিকরা এবার তরুণ ও নতুন নেতৃত্ব দেখতে চান এবং তাঁরা জয়ের ব্যাপারে আশাবাদী।
সভাপতি পদপ্রার্থী পঙ্কজ কন্দ রাজনৈতিক ট্যাগিংয়ের সমালোচনা করে বলেন, কেউ আওয়ামী লীগ,আবার কেউ বিএনপির ট্যাগ লাগাচ্ছেন। আমরা কোনো রাজনৈতিক পরিচয়ে নয়, শ্রমিকদের পক্ষে কথা বলতে চাই।
ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি বলেন, সরকারি সহায়তায় শ্রমিকরা গোপন ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক।
গত ১৫ নভেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই চা-বাগান, কারখানা ও শ্রমিক লাইনগুলোতে উঠান বৈঠক, সভা ও মিছিলে মুখর হয়ে উঠেছে পুরো জনপদ। প্রার্থীরা বাগানে বাগানে ঘুরে শ্রমিকদের সঙ্গে কথা বলছেন এবং নিজেদের নির্বাচনি ইশতেহার তুলে ধরছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ইমদাদের নেতৃত্বে বেনাপোলে মশাল মিছিল:নৈরাজ্য রুখে দেওয়ার হুশিয়ারী
ইমদাদের নেতৃত্বে বেনাপোলে মশাল মিছিল:নৈরাজ্য রুখে...
স্পেনে বাড়ছে কট্টর ডানপন্থি রাজনীতির প্রভাব
স্পেনে বাড়ছে কট্টর ডানপন্থি রাজনীতির প্রভাব
ডিসেম্বর ঘিরে সতর্ক বিএনপি, তৃণমূল পুনর্গঠনে বিশেষ টিম
ডিসেম্বর ঘিরে সতর্ক বিএনপি, তৃণমূল পুনর্গঠনে...
ফেসবুকে বিতর্কিত পোস্ট, বিমান কর্মকর্তা বরখাস্ত
ফেসবুকে বিতর্কিত পোস্ট, বিমান কর্মকর্তা বরখাস্ত
ফ্যাসিস্ট’রা বিভিন্ন’ভাবে উঁকিঝুঁকি দিচ্ছে – এমপি শ্যামল
ফ্যাসিস্ট’রা বিভিন্ন’ভাবে উঁকিঝুঁকি দিচ্ছে – এমপি...
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার জেরে নড়াইলের দুই ট্রেন বন্ধ,...
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার জেরে নড়াইলের দুই...