• দেশজুড়ে প্রধান সংবাদ
  • মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে অন্যায়-অপরাধ বাড়ছে : হাওলাপুরী পীর সাহেব

মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে অন্যায়-অপরাধ বাড়ছে : হাওলাপুরী পীর সাহেব

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ , ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 21 minutes আগে
ছবি- মজিবুর রহমান।

মজিবুর রহমান: চট্টগ্রামের বোয়ালখালীর হাওলাপুরী দরবার শরীফের গদিনশীন পীরজাদা আলহাজ্ব হযরত শাহ সুফী মাওলানা সৈয়দ নঈমূল কুদ্দুছ আকবরী (মা.জি.আ.) বলেছেন, মানুষ আজ বাহ্যিকভাবে আধুনিক ও শিক্ষিত হলেও তার আত্মিক জগৎ ক্রমেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে। মানুষের অন্তরে আল্লাহর ভয় বা তাকওয়া থাকলে কেউ অন্যায় ও পাপের পথে পা বাড়াতে পারত না। আইনের ভয়ে মানুষ অপরাধ থেকে সাময়িক বিরত থাকলেও অন্তরে আল্লাহর ভয় না থাকলে প্রকৃত নৈতিকতা ও আত্মশুদ্ধি অর্জন সম্ভব নয়।

গতকাল সোমবার (৯ নভেম্বর) রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গণিতাশ্রমে মাজহারুল ইসলাম মাজু চেয়ারম্যানের বাড়িতে মিলাদ মাহফিলের আগে নসিহত পেশকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দুনিয়ার মোহে পড়ে মানুষ আজ স্রষ্টাকে ভুলে গেছে। মানুষের দিল থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে অন্যায়, অনাচার ও পাপাচার বাড়ছে। সমাজে মাদকাসক্তি, ব্যভিচার, সুদ-ঘুষ ও অনিয়মের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে।

পীর সাহেব বলেন, একশ্রেণির মানুষ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। এমনকি যাঁদের সমাজ ও মানুষ গড়ার কারিগর বলা হয়, তাঁদের কারও কারও বিরুদ্ধেও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠছে। এটি সমাজের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।

এ অবস্থা থেকে উত্তরণে প্রত্যেককে নিজ নিজ পরিবারের সদস্যদের প্রতি সচেতন দৃষ্টি রাখতে হবে। গাউছে হাওলার রূহানী সন্তানরা কখনো মাদক, জুয়া কিংবা অন্যায়-অপরাধের সঙ্গে জড়াতে পারেন না। গত দুইশ বছর ধরে গাউছে হাওলা এ অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক প্রেম-ভালোবাসা জাগ্রত করে আল্লাহর দিদার লাভের পথ দেখিয়ে আসছেন।

যুবসমাজের অবক্ষয় নিয়ে তিনি বলেন, যে যুবকের আজ পরিবারের হাল ধরার কথা, মাদকের কারণে সেই যুবকই অনেক পরিবারের বোঝা হয়ে দাঁড়াচ্ছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে তাদের নৈতিক ও আত্মিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাসাউফের চর্চা বাড়াতে হবে। তাসাউফ মানুষকে আত্মশুদ্ধি, নফসের পরিশুদ্ধি, আল্লাহর প্রেম ও মানবপ্রেমের শিক্ষা দেয়।

তরিকত ও সুফিবাদ প্রসঙ্গে পীর সাহেব বলেন, আজকাল যুবসমাজকে তরিকত থেকে দূরে সরিয়ে রাখতে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। অথচ তরিকতের ধারাবাহিকতা ইসলামের সূচনালগ্ন থেকেই চলে আসছে। তরিকতের মূল শিক্ষা হলো আত্মশুদ্ধি, আল্লাহর প্রেম, রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ, পবিত্রতা ও বিনয়। এসব গুণ যার অন্তরে নেই, তার পক্ষে প্রকৃত লক্ষ্যে পৌঁছানো কঠিন।

তিনি আরও বলেন, সমাজকে সুন্দর ও মানবিক করে গড়ে তুলতে হলে শুধু বাহ্যিক শিক্ষা নয়, আত্মিক শিক্ষার পাশাপাশি তাসাউফ চর্চার প্রসার ঘটাতে হবে। মানুষের অন্তরে আল্লাহর ভয় ও তাকওয়া জাগ্রত করতে পারলেই মাদক, অনৈতিকতা ও সামাজিক অবক্ষয় থেকে মুক্তির পথ তৈরি হবে।

এর মধ্য দিয়েই মানুষ দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারবে। দোয়া ও মিলাদ মাহফিলে বিপুলসংখ্যক মুরিদান ভক্তবৃন্দের জমায়েত ঘটে।

মন্তব্য লিখুন

আরও খবর