মানিকগঞ্জে ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ , ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 hours আগে
ছবি- আজহার হোসেন।

আজহার হোসেন,মানিকগঞ্জ: বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের ঐতিহ্যবাহী স্বরলিপি সংগীত নিকেতনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লালন সাঁইয়ের রচিত গান পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী নাছরিন আহমেদ, শাহ সেলিম রেজা, সম্পিতা দাস, সাবরিনা মমতাজ মম, বসির মাস্টার, বেলা আজাদ, আবু হাসান ও স্বপ্না আক্তার।

তবলায় সহযোগিতা করেন নিরু মিত্র ও মিদুল সরকার। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বরলিপি সংগীত নিকেতনের পরিচালক কামাল আহমেদ কমল।

আলোচনা সভায় বক্তারা লালন সাঁইয়ের জীবনদর্শন,মানবতাবাদী চিন্তা, অসাম্প্রদায়িক চেতনা এবং বাংলা লোকসংগীতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, লালনের গান ও দর্শন জাত-পাত, ধর্মীয় বিভেদ এবং সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসা, সাম্য ও সম্প্রীতির শিক্ষা দেয়। তাঁর সৃষ্টিকর্ম বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম্পদ।

তাঁর জীবনদর্শন ও মানবতাবাদী চিন্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লালনের দর্শন থেকে শিক্ষা নিয়ে সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে লালন সাঁইয়ের রচিত গান পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিল্পীদের কণ্ঠে বাউল গানের সুর ও কথায় ফুটে ওঠে লালনের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা।

এ আয়োজনের মধ্য দিয়ে লালন সাঁইয়ের জীবন, কর্ম ও দর্শন স্মরণের পাশাপাশি বাংলার সমৃদ্ধ লোকসংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।