আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: 6:51 pm , 29 November 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 9 hours আগে
ছবি- সাহিদুল ইসলাম শাহীন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দল। রোববার (২৯ নভেম্বর) বিকেলে এই কর্মসূচি পালিত হয়। ​

বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুকের নেতৃত্বে মিছিলটি বেনাপোল বাজারস্থ ‘রহমান চেম্বার’-এর সামনে থেকে শুরু হয়। ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীরা বেনাপোল বাজার ও স্থলবন্দর সংলগ্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে নানা স্লোগানে বেনাপোলের রাজপথ মুখরিত করে তোলেন। পরে মিছিলটি বেনাপোল চেকপোস্টে নির্মিত অস্থায়ী মঞ্চ ‘সবার আগে বাংলাদেশ’-এ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বেনাপোল ও শার্শা এলাকায় রাজনৈতিক উত্তেজনা এবং গত ১৬ নভেম্বর রাতে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুকের বাসার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনার পর থেকে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সতর্কতা ও প্রতিবাদ জোরদার হয়েছে।

এ ছাড়া গত কয়েক দিনে ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের বিক্ষোভ ও মশাল মিছিলের ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবক দলের এই কর্মসূচি অনুষ্ঠিত হলো।

​​সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার যেকোনো ষড়যন্ত্র রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। সারাদেশে আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাস বন্ধ এবং জননিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষার আহ্বান জানানো হয়।

সভামঞ্চে যশোর জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল বলেন, আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, লুটপাট চলছে এবং সেই অর্থ দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে সহায়তা করা হচ্ছে।

পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাসের জন্য কোনো কোনো জায়গা থেকে অর্থ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

​যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানান তিনি। এ ক্ষেত্রে কেউ উৎসাহ দিলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন এবং স্বেচ্ছাসেবক দলগুলোকে নেতৃত্ব দিয়ে দলের নির্দেশ অক্ষরে অক্ষরে পালনের আহ্বান জানান।

ছাত্রলীগ, যুবলীগ, ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী প্রকাশ্যে ঘুরছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

গোপালগঞ্জে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও গাছ ফেলার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসবের পরও ধৈর্য বা পরীক্ষার বিষয়টি সামনে আসে, তবে অনাচার ও খুন-খারাবির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ এবং উপযুক্ত শাস্তির আহ্বান জানান।

সীমান্ত দিয়ে গাড়িতে করে অবৈধভাবে পারাপার বা অনুপ্রবেশের বিষয়ে সতর্ক করে তিনি জানান, এ ধরনের পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছেন।

মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে বেনাপোল বাজার ও বন্দর এলাকায় নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়।

মন্তব্য লিখুন

আরও খবর