লংগদুতে কঠিন চীবর দান উপলক্ষে কিয়াংঘরে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ , ৩১ অক্টোবর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 hours আগে
ছবি- কালের বিবর্তন।

রাঙামাটির লংগদু উপজেলায় আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান উপলক্ষে একটি বৌদ্ধবিহারে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে লংগদু উপজেলার ইয়ারংছড়িতে অবস্থিত শিমুলতুলী কিয়াংঘরে লংগদু জোনের জেডএসও এ সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে কিয়াংঘর কর্তৃপক্ষের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সব সম্প্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপন এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।

এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।