কমলগঞ্জ -শ্রীমঙ্গল সড়ক গাছ উপড়ে পড়ে ৬ ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ , ২ মে ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনাঞ্চলের ‘গাড়িভাঙা’ এলাকায় বৈশাখী ঝড়ে একাধিক গাছ উপড়ে পড়ার কারণে ৬ঘন্টা ধরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে সড়কের উভয় পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়েছে, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নামজুল হক।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান বলেন, দ্রুত সময়ের ভিতরে সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।

২ মে শনিবার দুপুরে প্রবল ঝড়ের সময় বড় বড় গাছ সড়কের ওপর উপড়ে পড়ে । এতে করে প্রায় ৬ঘন্টা ধরে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ,বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করেন। তবে বনাঞ্চলের ভেতরে অবস্থান এবং গাছের আকার বড় হওয়ায় উদ্ধার কাজ ধীরগতিতে এগোচ্ছে বলে জানা গেছে।

এদিকে সড়ক বন্ধ থাকায় দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন দীর্ঘ সময় ধরে আটকা পড়ে রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নামজুল হক গাছ পরে সড়ক বন্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে আকস্মিকভাবে ঝড়ো বৃষ্টিতে সড়কের একাধিক স্থানে বড় বড় গাছ পড়ে থাকে।

এরপর থেকেই সড়কের দু’পাশে কয়েক শতাধিক গাড়ি আটকে থাকে। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। কাজ শেষ হলে সবকিছু স্বাভাবিক হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান বলেন, দ্রুত সময়ের মধ্যে সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।