কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে নয় দিন ধরে চিকিৎসা কার্যক্রম বন্ধ

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ , ৫ এপ্রিল ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
 সেবা গৃহিতা চা শ্রমিকরা দুর্ভোগে পোহাচ্ছেন। ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চা শ্রমিকদের একমাত্র চিকিৎসা কেন্দ্র ক্যামেলিয়া হাসপাতালে গত ২৭ মার্চ ৭ম শ্রেণিপড়ুয়া ঐশী রবিদাস নামে এক চিকিৎসাধীন এক চা শ্রমিক সন্তানের মৃত্যু ঘটে। এ ঘটনার পর বিক্ষুদ্ধ চা শ্রমিকরা চিকিৎসা কেন্দ্রটির স্টাফদের অবরুদ্ধ, হামলা ও ভাঙচুর করে।

ঘটনার পর চিকিৎসক ও নার্সদের নিরাপত্তার জন্য হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখা হয়। দীর্ঘ নয় দিন ধরে হাসপাতালটিতে চিকিৎসা সেবা বন্ধ থাকায় হাসপাতালের চিকিৎসা সেবা গ্রহণকারী চা শ্রমিকরা দূর্ভোগ পোহাচ্ছেন।

জানা যায়, শমশেরনগর চা বাগানের রবিদাস টিলার বাসিন্দা বাবুল রবিদাসের মেয়ে ঐশী রবিদাস মাথাব্যথা নিয়ে গত ২৬ মার্চ রাতে শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হলে পরদিন সকালে তার মৃত্যু হয়।

পরে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে ক্ষুব্ধ চা শ্রমিকরা হাসপাতালে গিয়ে স্টাফদের অবরুদ্ধ ও হাসপাতালে ভাঙচুর করেন। এমন অবস্থায় চিকিৎসক ও নার্সদের নিরাপত্তার জন্য হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে হাসপাতাল দেখভালে প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব পালন করছেন।

আরো জানা যায়, ১৯৯৪ সালে শমশেরনগরের ফাঁড়ি কানিহাটি চা বাগানে ৫০ শয্যাবিশিষ্ট ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্থাপিত হয়। হাসপাতালটির কার্যক্রম শুরুর পর থেকে ডানকান ব্রাদার্সের ১৫টি চা বাগানের লক্ষাধিক চা শ্রমিক অস্ত্রোপচারসহ অত্যাধুনিক চিকিৎসা সুবিধা পেয়ে আসছে।

তবে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটসহ নানা জটিলতায় কয়েক বছর ধরে অস্ত্রোপচার হচ্ছে না বলে জানা গেছে। প্রতিদিন বিভিন্ন চা বাগান থেকে রোগীরা হাসপাতালে এসে সেবা গ্রহণ করে। ২৭ মার্চ থেকে চিকিৎসা কার্যক্রম বন্ধ হওয়ায় সাধারণ চা শ্রমিকরা উপজেলা, জেলা হাসপাতালসহ অন্যান্য স্থানে গিয়ে চিকিৎসা সেবা নিতে ভিড় করছেন।

স্থানীয় চা শ্রমিক নেতা সীতারাম বীন বলেন, ক্যামেলিয়া হাসপাতালে দ্রুত চিকিৎসাসেবা শুরু করতে কর্তৃপক্ষকে অনুরোধ করছি, অতীতের মতো সব ধরনের অপারেশন চালুসহ মৃত্যুর কারণ তদন্ত, হাসপাতালে সংঘটিত অপ্রীতিকর ঘটনার তদন্তসহ সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক জাকির হোসেন জানান, বিষয়টি ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে। কর্তৃপক্ষ ঘটনা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, হাসপাতাল খোলা রয়েছে। তবে নিরাপত্তাহীনতায় চিকিৎসকরা উপস্থিত না থাকায় সেবা প্রদান করা যাচ্ছে না। হেড অফিসে এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।