লালপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় অস্ত্রের মহড়া, আতঙ্ক

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ , ৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

নাটোরের লালপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহরকয়া গ্রামের সিরাজ গাইনের ছেলে ও বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আসলাম উদ্দিন এবং সুমন কসাইয়ের ছেলে সোহানের নেতৃত্বে ১৫–২০ জনের একটি দল পিস্তলসহ দেশীয় অস্ত্র নিয়ে মোহরকয়া কয়লার ডহর এলাকায় মহড়া দেয়।

এ সময় তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং রবিন নামের এক ব্যক্তির দোকানেও হামলার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, গত বুধবার (৪ মার্চ) সোহানের নেতৃত্বে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করা হলে জমির মালিকরা এতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা পরদিন অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে।

জমির মালিকদের অভিযোগ, তাদের জমির ফসল নষ্ট করে জোরপূর্বক রাস্তা তৈরি করা হয়েছে। এ বিষয়ে বাধা দিলে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আসলাম উদ্দিনের নেতৃত্বে ১৫–২০ জনের একটি দল পিস্তল, লাঠি ও হাসুয়া নিয়ে এসে মহড়া দেয় এবং রবিনের দোকানে হামলা চালায়।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে আসলাম উদ্দিন বলেন, “এই বিষয়ে আমি কিছু জানি না।” পরে তিনি ফোন কেটে দেন এবং আর ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনা সম্পর্কে শুনেছি এবং থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।