বেনাপোলে বিশ্ব নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ , ৮ মার্চ ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-​ “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেনাপোলে আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে বেনাপোল পৌর সভার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (UGIIP), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​সকালে বেনাপোল পৌর ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর সভায় এসে শেষ হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় নারী নেত্রী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

​র‍্যালি শেষে বেনাপোল পৌর ভবনের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য নারী ও কন্যা শিশুদের অধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা অপরিহার্য। বক্তারা এলজিইডি’র এই প্রকল্পের মাধ্যমে নগর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে বেনাপোল পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং এলজিইডি প্রকল্পের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সমাজের সকল স্তরে নারীর প্রতি বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।