মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেনাপোলে আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে বেনাপোল পৌর সভার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (UGIIP), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে বেনাপোল পৌর ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর সভায় এসে শেষ হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় নারী নেত্রী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালি শেষে বেনাপোল পৌর ভবনের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য নারী ও কন্যা শিশুদের অধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা অপরিহার্য। বক্তারা এলজিইডি’র এই প্রকল্পের মাধ্যমে নগর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বেনাপোল পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং এলজিইডি প্রকল্পের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সমাজের সকল স্তরে নারীর প্রতি বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত