• জাতীয় লিড নিউজ
  • গাজীপুরে গাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

গাজীপুরে গাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ , ১৬ মার্চ ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে

দেশের পরিবেশ সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গাজীপুরে গাছা খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডের নিমতলী বালুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, এমপি।

মন্ত্রী বলেন, দেশের পরিবেশ রক্ষা, কৃষি উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের বিভিন্ন জেলায় খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি জানান।

তিনি বলেন, বর্তমানে গাজীপুর দ্রুত নগরায়নের ফলে ঢাকার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। তাই খাল-নদী দখল ও দূষণ বন্ধ করে স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করতে হবে। শিল্পকারখানাগুলোকে ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন করে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, খাল খননের পাশাপাশি এর নিয়মিত রক্ষণাবেক্ষণ, সবুজায়ন এবং সম্ভাব্য পর্যটন উন্নয়নের দিকেও গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি, এমপি বলেন, গাজীপুরের টঙ্গী-গাছা এলাকার গুরুত্বপূর্ণ গাছা খাল পুনঃখনন জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের উদ্যোগে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, খাল দখল ও দূষণ রোধে প্রশাসন ব্যবস্থা নেবে এবং খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে।

উদ্বোধন শেষে মন্ত্রী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা-র সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক গাজী মোঃ ওয়ালি-উল-হক, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)-এর মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।