কমলগঞ্জে গৃহবধুকে অপহরণ চেষ্টা, শনাক্ত ১ জন

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ , ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জে গত রবিবার (৮ মার্চ) সকালে উপজেলার দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে প্রাইভেটকারে জোরপূর্বক তুলে অপহরণ চেষ্টার খবর পাওয়া গেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্তকে শনাক্ত করেছে এবং তাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।

ভুক্তভোগী নারী ফাতেমা পারভেজ নিশি জানান, তিনি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনের মতো সেদিনও ভোর সাড়ে ৬টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা বাজারে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন।

এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার বারবার বাজার এলাকায় আসা যাওয়া করে এবং গাড়িতে থাকা কয়েকজন যুবক তাকে শ্রীমঙ্গল যাওয়ার জন্য তাদের গাড়িতে উঠতে বলেন।

তিনি তাদের প্রস্তাবে সাড়া দেননি। নিশি আরও জানান, কিছুক্ষণ পর বাজারে লোকজন কম থাকায় তিনি বাড়ির দিকে রওনা দেন। এ সময় গাড়িটি আবার সেখানে আসে এবং গাড়ি থেকে নেমে একজন যুবক তার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে।

তিনি প্রাণপণ ছুটে চিৎকার করলে অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়। এ ঘটনার পর এ বিষয়ে কমলগঞ্জ থানায় গৃহবধুর স্বামী মো. মাসুদ পারভেজ বাদী হয়ে গাড়ীর নাম্বার যুক্ত করে (ঢাকা মেট্রো ক-০৩-৯৪৯৪ সহ অঞ্জাত ড্রাইভার সহ ৩ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে ঘটনার পর থেকেই পুলিশের একটি চৌকস টিম গুরুত্বের সঙ্গে কাজ করছে। প্রাথমিক ভাবে জড়িত একজনের পরিচয় পাওয়া গেছে। অভিযুক্ত যুবকের নাম জাহাঙ্গীর, সে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের খাসগাঁও (সুরিখাল) গ্রামের লাল মিয়ার ছেলে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ঘটনার খবর পাওয়ার পর থেকেই কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম কাজ করছে। অপহরণের চেষ্টায় জড়িতদের একজনের পরিচয় পাওয়া গেছে।

দ্রুত তাকে সহ চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।