অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ , ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে “ঈদ সামগ্রী” বিতরণ করেছে আবুল খায়ের ওয়েল ফেয়ার অর্গানাইজেশন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২ টায় নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামে কার্যক্রমটির আয়োজন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, উত্তর লক্ষীপুর গ্রামের ৪২ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে একটি বাজারের ব্যাগে করে ঈদ সামগ্রীগুলো বিতরণ করা হয়েছে।

প্রতি ব্যাগে ছিলো – ২ প্যাকেট সেমাই, ২টি গুড়া দুধের প্যাকেট, ১ কেজি চিনি, ১কেজি মসুর ডাল, ১টি লাক্স সাবান, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনিগুড়া চাল, ১ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, নারকেল ও কিসমিস। সব কিছু মিলিয়ে প্রতি ব্যাগে ৯৯০ টাকার সামগ্রী বিতরণ করা হয়।

এদিকে ঈদ সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হলেন সখিনা। জড়জড়িত কন্ঠে বলেন, গ্রামে-গঞ্জে আমাগো ঈদের লাইগা জিনিসপত্র কেউ দেয় না। একটা ঈদে চলবার লাইগা যতডি জিনিস দরকার তারা সব-ডি দিসে। পোলাও খাইতে পারমু, সেমাইও খাইতে পারমু।

অন্যদিকে হাবিবউল্লাহ নামের একজন বলেন, ঈদের লাইগা বাড়িতে তেমন কিছু কিনতাম পারছি না। চিন্তায় আসিলাম কেমন বাজার করুম। আল্লাহ তাগোরে দিয়া পাঠাইসে। অসহায়ের লাইগা আল্লাহই আছে। যারা দিসে আল্লাহ তাগোরেও ভালো রাখুন।

“ঈদ সামগ্রী” পেয়ে এমনই মন্তব্য করলেন হুমায়ুন মিয়া, খলিল মিয়া, শাহাদা বেগম, হেনা বেগমসহ আরো অনেকেই।

আবুল খায়ের ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের এই “ঈদ সামগ্রী” বিতরণ কালে উপস্থিত ছিলেন অর্গানাইজেশনের সি.ই.ও মানজুরুল ওয়াসে শিতাব, হেড অব প্রজেক্টস ওমর ফারুক, অন্যতম সদস্য সুমাইয়া জাহান, ফাতেমা প্রমুখ।

অর্গানাইজেশনের সি.ই.ও মানজুরুল ওয়াসে শিতাব বলেন, আমরা চেষ্টা করছি ঈদের সময় অসহায়দের সাথে মিলেমিশে ঈদের আনন্দ ভাগভাগি করে নিতে। ঈদের উপহার পেয়ে অসহায় মানুষের মুখে যে হাসি ফুটে ওঠে, সেটিই আমাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।