ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র সহ- ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ , ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল- আশুগঞ্জ ও আংশিক বিজয়নগর ) আসনে বিএনপি জোট, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রসহ মোট নয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পাঁচটার মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুবকর সরকার এর কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এ সময় সংশ্লিষ্ট দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল করেছেন,বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে,জামায়াতে ইসলামি প্রার্থী কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির মা. মোবারক হোসেন, জাতীয় পার্টি নেতা ও সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী ও আন্তর্জাতিক খ্যাতিমান হাফেজ নেছার আহমেদ আন নাছিরী,এনসিপি দলের প্রার্থী আশরাফ উদ্দিন মাহদী।

খেলাফত মজলিসের প্রার্থী আবুল ফাত্তাহ মোঃ মাসুক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী তৈমুর রেজা শাহজাদ।এবারের নির্বাচনি এলাকার সরাইলে-৯ আশুগঞ্জে ৮ ও বিজয়নগরের ২টি নিয়ে মোট ১৯টি ইউনিয়নের ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ৭৯৭। বর্তমানে পুরুষ ২ লাখ ৬১ হাজার ৩৯ জন, মহিলা ২ লাখ ৩১ হাজার ৭৫৬ জন ও হিজড়া ২ জন।

সরাইল উপজেলায় ৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৮৫ হাজার ১৭৬। আশুগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫০ হাজার ৬৯৪ জন। এছাড়া বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৫৬ হাজার ৯২৭।