নবীনগরের জনসভায় ভিপি নূর: এককভাবেই জাতীয় নির্বাচনে যাবে গণঅধিকার পরিষদ

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ , ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণঅধিকার পরিষদের এক নির্বাচনী জনসভায় দলের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নূরুল হক নূর বলেছেন, “মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে গণঅধিকার পরিষদ এককভাবেই দেশের ৩০০ আসনে নির্বাচন করবে।”

শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

নূরুল হক নূর বলেন, বিগত ১৬ বছরের দুঃশাসন দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। অনেক রাজনৈতিক দল অতীতে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে এখন জনগণের চাপের মুখে দেশ ছেড়ে পালিয়েছে—সেসব স্মরণ করিয়ে তিনি সতর্ক করে বলেন, “জনগণের বিপক্ষে দাঁড়ালে এমন পরিণতি কারোই কাম্য নয়।”

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হতে হবে। দু-একটি আসনের বিনিময়ে কারো সঙ্গে জোটে না গিয়ে গণঅধিকার পরিষদ স্বাধীনভাবেই জনগণের রায় নিয়ে নতুন রাজনীতি গড়তে চায়।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলের মনোনীত প্রার্থী ও সমাজসেবক নজরুল ইসলাম নজুকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান নূর।

সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ নবীনগর উপজেলা সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান। বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।