নবীনগর বিটঘরে আলাউদ্দিন আহমেদকে গণসংবর্ধনা

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ , ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাহরাইন কেন্দ্রীয় বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও বিটঘর ইউনিয়নের কৃতি সন্তান আলাউদ্দিন আহমেদকে গণসংবর্ধনা জানাতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে নবীনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে ঢাক–ঢোল, বাদ্যযন্ত্র ও মিছিলের উত্তাল ঢেউয়ে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানকে ঘিরে বিটঘর ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা রঙিন ব্যানার–ফেস্টুন, ঢাক–ঢোল এবং শোভাবাহী মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ— বিটঘরের অহংকার আলাউদ্দিন আহমেদ, গণতন্ত্রের মুক্তি চাই,“ধানের শীষের বিজয় চাই”—এমন স্লোগানে পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।

জনসভার শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম.এ মান্নান।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ।

সংবর্ধনা ও জনসভায় নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি শরিফ শওকত ওসমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন—কেন্দ্রীয় জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, নবীনগর উপজেলা বিএনপির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক জালাল, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন মহিন, নবীনগর পৌর বিএনপির সিনিয়র সভাপতি মোঃ হাসিবুল হাদিস, নবীনগর উপজেলা বিএনপির ২ নং সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সোহেল।

বক্তারা বলেন, আলাউদ্দিন আহমেদকে বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় নবীনগরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তাঁরা মনে করেন, তাঁর মতো সৎ, দক্ষ ও সংগঠক–ব্যক্তিত্ব নেতৃত্বে আসায় তৃণমূল বিএনপি আরও শক্তিশালী হবে।

এডভোকেট এম.এ মান্নান তাঁর বক্তব্যে বলেন—
“নবীনগরের মানুষ সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষার পক্ষে ছিল। আলাউদ্দিন আহমেদের পদোন্নতি শুধু বিটঘর নয়, পুরো নবীনগরের জন্য গৌরবের বিষয়। সংবর্ধিত প্রবাসী আলাউদ্দিন আহমেদ এ ধরণের আয়োজন করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এলাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আবদুল মান্নান এ সময় বলেন, ‘মনোনয়ন নিয়ে বঞ্চিতদের মন খারাপ হয়ে থাকতে পারে। আমি তাদের বাড়ি বাড়ি গিয়েছি। একসঙ্গে কাজ করার অনুরোধ করেছি। এখনও বলছি আপনারা আসুন। সবাই মিলে ধানের শীষের হয়ে কাজ করি। বিএনপি রাষ্ট্র মেরামতের যে নীতি তা বাস্তবে রূপ দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি আলাউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর ও আবেগঘন।