ভোটারদের ভোট কেন্দ্রে আনার দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের/সেলিম ভূইয়া

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ , ২৫ অক্টোবর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে

কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে আনার দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের নিতে হবে। দীর্ঘ ১৭ বছর ভোটাররা তাদের ন্যায্য ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার সেই অধিকার ফিরিয়ে আনার লড়াই আমাদেরই।”

তিনি আরও বলেন, “যাকে দল থেকে মনোনয়ন দেওয়া হবে তাকে সর্বোচ্চ সমর্থন করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে বা তাকে সমর্থন করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আগামী ফেব্রুয়ারিতে যেদিন নির্বাচন হোক না কেন, বিএনপিকে বিজয়ী করে ক্ষমতায় আনতে হবে।”

শনিবার (২৫ অক্টোবর) আখাউড়া উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী বাস্তবায়ন” শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত, বিএনপির দলীয় সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবির হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা শাহ আমান উল্লাহ আমান, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখরুদ্দিন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক স্বপন প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন আখাউড়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ডা. খোরশেদুল আলম ভূইয়া।