মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার” নির্বাহী অফিসার সাইফুল ইসলাম

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ , ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রামঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্থানীয় বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমুহের সাথে স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

বুধবার(৭ই সেপ্টেম্বর) আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহাম্মদ ইকবাল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, “মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এ ক্ষেত্রে সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে সেবা প্রদান করতে হবে।

চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, রোগীর অধিকার সংরক্ষণ, সঠিক ও নির্ভরযোগ্য রিপোর্ট প্রদান, জরুরি চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণ এবং লাইসেন্স ও নিবন্ধন নবায়ন বিষয়ে কোনো প্রকার গাফিলতি বরদাশত করা হবে না।”

সভায় উপজেলার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালের মালিক, পরিচালক, ও প্রশাসনিক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতির বক্তব্যে বলেন, “বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ। তবে সেবার মান নিশ্চিত করতে অবশ্যই প্রশিক্ষিত ও নিবন্ধিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দ্বারা সেবা প্রদান করতে হবে। মূল্য তালিকা উন্মুক্তভাবে প্রদর্শন, রোগীর সাথে মানবিক আচরণ, জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে হবে।”

সভায় অংশগ্রহণকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি‌রা সরকারি নির্দেশনা অনুযায়ী নিজেদের প্রতিষ্ঠানে সেবার গুণগত মান উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।