নবীনগরে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আউয়ালের মতবিনিময় সভা

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির (ব্রাহ্মণবাড়িয়া-৫) আসনে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও স্থপতি মোহাম্মদ আবদুল আউয়াল স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় নবীনগর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর প্রধান অতিথি মোহাম্মদ আবদুল আউয়ালকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

মতবিনিময় সভায় আবদুল আউয়াল নবীনগরের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক, তাই সঠিক বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা আপনাদের দায়িত্ব। আমি নবীনগরকে সাজাতে চাই, আমার মেধা ও শ্রম দিয়ে উন্নয়নের স্বাক্ষর রাখতে চাই।”

তিনি আরও জানান, যেহেতু তিনি একজন স্থপতি, তাই নবীনগরের অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তাঁর জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে পারবেন। এসময় তিনি নবীনগরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সাংবাদিকদের মাধ্যমে এ বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।

সভা শেষে মোহাম্মদ আবদুল আউয়াল নবীনগরের সর্বস্তরের মানুষের হাতে তাঁর লিফলেট বিতরণ করেন।