• দেশজুড়ে প্রধান সংবাদ
  • শেরপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন 

শেরপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন 

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ , ৩১ আগস্ট ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃ আবু হানিফ, শেরপুর: বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও বিভ্রান্তিমূলক প্রচারণার প্রতিবাদে শেরপুরে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ আগস্ট, রবিবার, দুপুরে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন কলেজটির শিক্ষক, শিক্ষার্থীসহ জেলার বিভিন্নস্থান থেকে আগত হোমিওপ্যাথিক চিকিৎসকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, কিছু ব্যক্তি ও মহল পরিকল্পিতভাবে হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে, যা একদিকে চিকিৎসকদের পেশাগত সম্মান ক্ষুণ্ন করছে, অন্যদিকে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তারা দাবি করেন, হোমিওপ্যাথিক চিকিৎসা একটি স্বীকৃত ও আইনসম্মত চিকিৎসা পদ্ধতি, যা ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩’-এর আওতায় পরিচালিত হয়ে থাকে। অতএব, বিএমডিসির আইন অনুযায়ী হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিচার বা নিয়ন্ত্রণ করার কোনো এখতিয়ার নেই।

এ সময় বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আজিজুর রহমান, সিনিয়র শিক্ষক ডা. মো. আবুল কাসেম, ডা. মো. হাফিজুর রহমান লাভলু, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. মো. জাহিদ আনোয়ার, ডা. মো. আব্দুর রাজ্জাক, ডা. মো. আব্দুর রহিম, ডা. মো. আশরাফুল আলম, ডা. মো. মাহমুদুল হক, ডা. মো. কামরুল হাসান প্রমুখ।

বক্তারা হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, এই চিকিৎসা পদ্ধতি দীর্ঘদিন ধরেই দেশের সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। তারা বর্তমান সরকারের কাছে আহ্বান জানান, যেন হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সঠিক তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসকদের অধিকার, সম্মান ও আইনসঙ্গত পেশাগত পরিচিতি রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন, প্রয়োজনে জাতীয় পর্যায়েও কর্মসূচি দেওয়া হবে।