নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের অবসান

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ , ৩১ আগস্ট ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছার অবসরজনিত বিদায় উপলক্ষে আজ (৩১ আগস্ট ২০২৫) এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ওয়াজেদ উল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে বিদায়ী মুহূর্তটি ছিল চোখে জল আনা এক স্মরণীয় আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (অব.) কৃষিবিদ মো. শহীদুল হক, একাডেমিক সুপারভাইজর হাসনাত জাহান, লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোর্শেদুল ইসলাম লিটন, ইচ্ছাময়ী গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহ মো. ইয়াছিনুল হক, এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক মো. আবু মোছার হাতে মানপত্র ও উত্তরীয় তুলে দেন সহকর্মীরা। এই সময় সহকর্মী ও শিক্ষার্থীরা আবেগে আপ্লুত হয়ে বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে তিনি নিষ্ঠা, সততা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। তাঁর নেতৃত্বেই বিদ্যালয়টি জাতীয়করণ হয়, যা তাঁর কর্মময় জীবনের এক অনন্য কৃতিত্ব।

শিক্ষকবৃন্দ বলেন, তিনি ছিলেন একজন দূরদর্শী, নিবেদিত প্রাণ ও অভিভাবকসুলভ প্রতিষ্ঠান প্রধান। শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ রাখেননি, বরং নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দেওয়াই ছিল তাঁর মূল লক্ষ্য।

বিদায়ী বক্তব্যে মো. আবু মোছা বলেন,“এই বিদ্যালয়, এখানকার শিক্ষার্থী ও এলাকার মানুষই ছিল আমার প্রেরণার উৎস। অবসরজনিত কারণে বিদায় নিলেও, হৃদয়ের টানে আজীবন এ বিদ্যালয়ের সঙ্গেই জড়িয়ে থাকব।”

অনুষ্ঠানজুড়ে সহকর্মীদের স্মৃতিচারণা ও শিক্ষার্থীদের ভালোবাসায় পরিবেশ ছিল আবেগময় ও স্মরণীয়।