ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর তালাবদ্ধ বাসায় দুর্ধর্ষ চুরি : নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার উধাও

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ , ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

ব্রাহ্মণবাড়িয়ায় দিনদুপুরে তালাবদ্ধ বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নগদ ১০ লাখ ৫০ হাজার টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার লোপাট হয়েছে।

গতকাল সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের হালদারপাড়ার একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় সিঙ্গাপুরপ্রবাসী সোহাগ মাহমুদের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর শাশুড়ি মিনারা বেগম জানান, গত শনিবার তিনি শাহবাজপুরে আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। সে সময় ফ্ল্যাটটি ফাঁকা ছিল।

সোমবার ফিরে এসে দরজার বাইরে তালা ও ভেতরে লক দেখতে পান। ধাক্কা দিলে দরজা খুলে যায়। ভেতরে ঢুকেই তিনি দেখতে পান, দুটি শয়নকক্ষের আলমারি ভাঙচুর করে নগদ অর্থ ও স্বর্ণালংকার উধাও করা হয়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ধারণা ভবনের ভেতরের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত। বাইরে থেকে এসে এত বড় চুরি করা সম্ভব নয়।”

ভবন মালিক মনির হোসেন বলেন, প্রায় দশ দিন আগে ভবনের সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে যায়। ফলে কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। “ফ্ল্যাটটিতে কেউ ছিল না। হয়তো সেই সুযোগেই চুরির ঘটনা ঘটেছে,” বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অভিযোগ করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, “ঘটনার অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।

সিসিটিভি ফুটেজ না থাকায় চোর শনাক্তকরণ কিছুটা জটিল হয়ে পড়েছে। তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুব দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”

এলাকাবাসীর অভিযোগ, হালদারপাড়া এলাকায় সম্প্রতি চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। দিনদুপুরে এমন ঘটনা ঘটায় তারা আতঙ্কিত। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।