নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দূর্নীতি: ক্ষুব্ধ জনতার মানববন্ধন

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ , ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে লুটপাট, সিন্ডিকেট আর দালালচক্রের রাজত্ব। সরকারি হাসপাতাল হয়েও এখানে সাধারণ রোগীরা পাচ্ছেন না ন্যূনতম সেবা, বরং পড়ছেন দালাল ও দুর্নীতিবাজদের ফাঁদে।

ওষুধ সরবরাহে অনিয়ম, চিকিৎসকদের গাফিলতি, অকারণ পরীক্ষা-নিরীক্ষা আর রোগী হয়রানিতে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার(২৬ আগষ্ট)ক্ষুব্ধ জনতা হাসপাতালের সামনে মানববন্ধন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ উগরে দিয়ে বলেন, হাসপাতালটিকে যারা নিজেদের আখের গোছানোর জায়গায় পরিণত করেছে, তাদের এখনই দমন না করলে সাধারণ মানুষের পক্ষে এখানে চিকিৎসা নেওয়া অসম্ভব হয়ে পড়বে। সরকারি অর্থে পরিচালিত হলেও এ হাসপাতাল আজ দালাল সিন্ডিকেটের কব্জায় বন্দি।

কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী রুহুল সিদ্দিকী রুমান, মানব কল্যাণ সংস্থা ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী, উপদেষ্টা মানিক মিয়া, নালিতাবাড়ী ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল আমিন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জ্বলসহ কয়েকজন ভুক্তভোগী রোগী। বক্তারা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসপাতালকেন্দ্রিক এই দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামবে জনতা।

এ সময় ১৯ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—হাসপাতাল থেকে দালাল চক্র উচ্ছেদ, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি, ওষুধ সরবরাহে স্বচ্ছতা, রোগীদের হয়রানি বন্ধ এবং উন্নত স্বাস্থ্যসেবার জন্য আধুনিক যন্ত্রপাতি সরবরাহ।

উপজেলার বিভিন্ন সংগঠনের নেতা, স্বেচ্ছাসেবী, সাধারণ মানুষ, ভুক্তভোগী রোগী ও সাংবাদিকরা এ মানববন্ধনে অংশ নেন।

স্থানীয় সচেতন মহল বলছে—এ মানববন্ধন কেবল সতর্কবার্তা। প্রশাসন যদি এখনই দুর্নীতি ও অনিয়ম দমন না করে, তবে নালিতাবাড়ীর জনতা রাস্তায় নেমে আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে।