ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই: আইএসপিআর

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ , ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ছাত্রসংসদ) নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততার বিষয়ে সম্প্রতি যে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে, তা সঠিক নয়। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, এ ধরনের নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতেও সেনাবাহিনীর অংশগ্রহণের সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেনা মোতায়েন সংক্রান্ত যেসব খবর প্রকাশ পেয়েছে, তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এসব তথ্য ইতোমধ্যে সেনাবাহিনীর নজরে এসেছে।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, দেশে সক্রিয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানেই ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেনাবাহিনী মনে করে, এসব সংস্থার সক্রিয় সহযোগিতায় শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব।

সবশেষে, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকলের জন্য শুভকামনা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।