বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনার মূল হোতা শান্ত আটক

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ , ২৩ জুলাই ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন।

নাজমুল হাসানঃ কুষ্টিয়ার খোকসায় শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিয়ের আগের দিন কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের ঘটনার মূল হোতা মোঃ শান্ত মন্ডলকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার(২২’জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বশোয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ শান্ত মন্ডল(২০) উপজেলার বশোয়া গ্রামের মোঃ মতিয়ার মন্ডলের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, বাড়ির মালিক বিধান কুমার রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে উক্ত ডাকাতি ঘটনার মূল হোতা শান্ত মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, তার অন্যান্য সহযোগীদের সাথে নিয়ে বিধান কুমার রায়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায়।

শান্ত আরো জানায়, বিধান কুমার রায়ের বাড়িতে ডাকাতি ঘটনার আগে তিনদিন তার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে। তখন থেকেই শান্ত ও অন্যান্য ডাকাত সহ তার সহযোগীরা পরিকল্পনা করতে থাকে বিয়ের আগের দিন উক্ত বাড়িতে ডাকাতি করবে। সেই মোতাবেক শান্তসহ তার অন্যান্য সহযোগীদের নিয়ে এই ঘটনা ঘটায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মঈনুল ইসলাম গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জিজ্ঞাসাবাদে শান্ত ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং শান্তর জবানবন্দী রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত শান্ত ইতিপূর্বে খোকসার অসিত পাল এর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটিয়েছিল এবং সেই ঘটনার সম্পর্কেও আদালতে জবানবন্দী প্রদান করেছিল। তার বিরুদ্ধে দুইটি ডাকাতি, দুইটি হত্যা মামলা ও একটি জেলা পালাতক মামলা রয়েছে। অন্যান্য ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত আছে।

প্রকাশ থাকে যে, গত রোববার(২০’জুলাই) ছিল বিধান রায়ের মেয়ের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে প্রস্তুতি চলছিল। শনিবার(১৯’জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জন মুখোশধারী বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।

এরপর তারা বিয়েতে আসা আত্মীয়স্বজনের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে চলে যায়।