“আল্লাহ ও তাঁর রাসূলের আদর্শেই আমাদের রাজনীতি” – মুফতি শরাফাত হোসাইন

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ , ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

এস এম রবিউল ইসলাম রুবেল ফরিদপুর: “আমরা পেট পূজার জন্য রাজনীতি করিনা, করি আল্লাহ এবং তাঁর রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ বাস্তবায়নের জন্য”—এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা ও ফরিদপুর-১ আসনে সংসদ সদস্য পদে মনোনীত প্রার্থী মুফতি শরাফাত হোসাইন।

গতকাল বুধবার (১১জুন) রাতে বোয়ালমারী উপজেলার অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ খেলাফত যুব মজলিস বোয়ালমারী উপশাখার আয়োজনে অনুষ্ঠিত সদস্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি শরাফাত বলেন, “আমাদেরকে জেল-জুলুম, ফাঁসি, নির্যাতন দিয়ে ইসলামের পথ থেকে সরানো যাবে না। আমরা জানি, এই দেশে কিছু রাজনীতিক আছে যারা শুধু ক্ষমতার মসনদে বসার জন্য ১৬ বছরের রাজনীতি করে, পরে আবার ‘চাঁদা’ আদায় শুরু করে দেয়। এতে মনে হয়, এক ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আরেকজন তার জায়গা দখল করেছে। কিন্তু আমরা কাউকে ভয় করি না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই আমরা জন্ম নিয়েছি। তুমি যেই হোক, অন্যায়ের পাশে দাঁড়ালে আমরা তোমার বিরুদ্ধেই বলবো।”

তিনি আরও বলেন, “এই দেশে যেন আর কোনো ফ্যাসিস্ট জন্ম নিতে না পারে, তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েছেন, আসুন আমরা এক কাতারে দাঁড়াই। ফ্যাসিস্টদের বিরুদ্ধে একটিই পথ—ঐক্য। আমরা চাই, এ দেশ হোক শান্তির, ন্যায়ের ও ইসলামী মূল্যবোধের দেশ।”

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “এ দেশের শাসনব্যবস্থা পরিচালিত হোক আল্লাহ ও রাসূল (সা.)-এর আদর্শ অনুযায়ী। সেই লক্ষ্যেই আমরা রাজনীতি করি, আন্দোলন করি, এবং জীবন উৎসর্গ করতে প্রস্তুত।”

খেলাফত মজলিস বোয়ালমারী উপশাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ মিসবাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শাহ আকরাম আলী হাফি:।

মুফতি মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মাহাবুবুর রহমান প্রমুখ।