সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ , ৩০ জুন ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

সুলতান, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক নারীর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার দুপুরে বাংলাদেশ সেনবাহিনীর সহযোগিতায় উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল এলাকায় অভিযান পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।

এসময় যমুনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সাবেক চেয়ারম্যানের ছেলে আ’লীগ নেতা তৌহিদুল ইসলামের স্ত্রী সেতু আক্তার কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অবৈধ বালু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

জানা গেছে, গত কয়েকমাস ধরেই উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া স্পার এবং নিজবলাইল স্পার থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হতো। যা ট্রাক্টরের সাহায্য উপজেলার বিভিন্ন এলাকায় পরিবহন করে বিক্রি করা হতো।

এতে স্পারগুলো নদীভাঙনের হুমকিতে রয়েছে এবং এতে স্পারের সংযোগ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান জানান, সারিয়াকান্দি সেনা ক্যাম্পের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে একজন আসামি সহ ধরেছে।

ঘটনা উদঘাটনের পর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় অবৈধ বালু ব্যবসায়ীর প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে এবং বালু পরিবহনের কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হবে।