বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে কমিটি ঘোষণা স্থগিত

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ , ১৬ জুন ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি স্থানীয় দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বিভাজিত পরিস্থিতির মধ্যে সভাস্থল ত্যাগ করে জানান, বিষয়টি জেলা বিএনপির ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (১৬ জুন) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বোয়ালমারী উপজেলা অডিটোরিয়ামে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরু থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে সভাস্থলে জড়ো হন।

তবে অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের নেতাকর্মীরা পৃথকভাবে নিজেদের পছন্দের নেতাদের পক্ষে স্লোগান দিতে শুরু করেন।

একপক্ষের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের অনুসারীরা, অপরপক্ষের নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু।

তাদের সমর্থকদের মুখোমুখি অবস্থানে অডিটোরিয়ামের পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ে, যার ফলে জেলা বিএনপির নেতারা অসন্তোষ প্রকাশ করেন এবং কোনপক্ষকেই স্বীকৃতি না দিয়ে কমিটি ঘোষণা স্থগিত রাখেন।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২৭ মার্চ ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা এবং সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বোয়ালমারী উপজেলা বিএনপির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা।
বিশেষ অতিথির বক্তব্য দেন সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন,ফরিদপুর ১ আসন (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দল নেতা খন্দকার নাসিরুল ইসলাম এবং একই আসন থেকে আরেক মনোনয়ন প্রত্যাশী বোয়ালমারী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানা গেছে, বিভক্তি নিরসনে আলোচনা চলমান রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে।