• দেশজুড়ে প্রধান সংবাদ
  • পার্বত্য চট্টগ্রামে বরাদ্দ বৈষম্যের অভিযোগে পার্বত্য উপদেষ্টা ও যুগ্ম সচিবের অপসারণ দাবি

পার্বত্য চট্টগ্রামে বরাদ্দ বৈষম্যের অভিযোগে পার্বত্য উপদেষ্টা ও যুগ্ম সচিবের অপসারণ দাবি

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ , ৩০ জুন ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রমে মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং যুগ্ম সচিব কংকন চাকমার অপসারণসহ চার দফা দাবিতে সাত দিনের আলটিমেটাম দিয়েছে খাগড়াছড়ির মারমা ও ত্রিপুরা সচেতন নাগরিক সমাজ।

গতকাল রবিবার (২৯ জুন) সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে প্রাপ্ত বরাদ্দের খাদ্যশস্য ও অর্থ একক গোষ্ঠীর মধ্যে বিতরণ করছেন, যা চরম বৈষম্যের শামিল।

সমাবেশে বক্তারা বলেন, এই বৈষম্যমূলক ও একপাক্ষিক কার্যক্রম মারমা ও ত্রিপুরা জনগণের প্রতি অবিচারের শামিল। বক্তারা দ্রুত উপদেষ্টা ও যুগ্ম সচিবের অপসারণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এবং এক সপ্তাহের আলটিমেটামের পর কঠোর কর্মসূচি, এমনকি অবরোধ ডাকার কথাও জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা। বক্তব্য রাখেন সরোজ কান্তি ত্রিপুরা, আব্রে মারমা, প্রকৌশলী ক্যরী মগ, মহিলা নেত্রী মউক্রাচিং মারমা, যুবনেতা অংগ্য মারমা ও চাইহ্লাপ্রু মারমা।

বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।