• দেশজুড়ে প্রধান সংবাদ
  • জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশ

জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ , ৩ জুন ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২ জুন ২০২৫) বিকেলে এনসিপি খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে জেলা সদরের চেঙ্গী স্কোয়ার চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশ শুরুর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ারে গিয়ে শেষ হয়।

সমাবেশে এনসিপি খাগড়াছড়ি জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক মোঃ নাজিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক হারিচুর রহমান রনি, এনসিপি খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সমন্বয়ক আব্দুর রহমান ছায়াদ, যুগ্ম সমন্বয়ক আকলিমা আক্তার হীরা, মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ এবং মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ইমাম মেহেদী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, নতুন বাংলাদেশের নির্মাণযাত্রায় বাঁধা সৃষ্টি করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা খাগড়াছড়িতে অবস্থানরত জাতীয় পার্টির নেত্রী মিথিলা রোয়াজা সহ সংশ্লিষ্ট ষড়যন্ত্রকারীদের অপতৎপরতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এসব অপশক্তির বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশে বক্তারা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় আদর্শ ও জনকল্যাণে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান।