ত্রিশালে মাদক বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ , ১৭ জুন ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কেরানী বাড়ি মোড় এলাকায় মাদক ব্যবসা ও সেবন বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে ১৭ জুন মঙ্গলবার সকাল ১১টায় এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল করে মাদকব্যবসায়ীর বাড়ি ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। এসময় কাউকে না পেয়ে মাদক কারবারীদের বাড়িঘর ভাঙচুরের চেষ্টা করে উত্তেজিত জনতা। পরে স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এসময় বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, মাদককারবারী মিনা খাতুন ও তার ভাই মুক্তা মিয়া সহ আরও মাদক ব্যবসায়ীদের পুলিশ গ্রেফতার না করে যারা পুলিশের কাছে অভিযোগ করতে আসে, তাদেরকে পুলিশ উল্টাে শাসায়।

মানববন্ধনে বক্তারা জানান, গত ১৫ দিন আগে স্থানীয় ইউএনও ও থানায় লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাননি এলাকাবাসী। এতে স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষুব্ধ এলাকাবাসী।

সমাজে ছড়িয়ে গেছে মাদক, আসক্ত হয়ে পড়েছে যুব সমাজ। বাড়ছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ। অথচ প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এসময় বক্তারা আরও অভিযোগ করেন, কিছু দালাল চক্রের ছত্রছায়ায় এই মাদক ব্যবসা বিস্তার লাভ করেছে। তারা প্রশ্ন তোলেন, মাদক ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসনের পদক্ষেপ কোথায়? অবিলম্বে কেরানী বাড়ি মোড়সহ আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানানো হয়।

অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এ ব্যাপারে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এই আন্দোলনের আয়োজন করে স্থানীয় ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সচেতন জনসাধারণ। সবশেষে মাদক বাবসায়ীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হলে বুধবার বিকাল তিনটায় থানা ঘেরাওয়ের আল্টিমেটাম দিয়ে দিনের কর্মসূচি শেষ করা হয়।