ব্রাহ্মণবাড়িয়া জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ , ২৪ মে ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

ব্রাহ্মণবাড়িয়া জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শাহ মোঃ আমিনুল ইসলামকে সভাপতি ও মোঃ খবির উদ্দিন কে সাধারণ সম্পাদক করে নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

শনিবার (২৪ মে) সকাল ১০টায় শহরের পুনশ্চ কমিটি সেন্টারে এ উপলক্ষে দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নির্ধারিত তারিখে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার পর, পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার মো. সেলিম ভূঁইয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ফরহাদ সরকার, সদস্য সচিব নির্বাচন কমিশনার, ব্রাহ্মণবাড়িয়া জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী সৈয়দ এমরানুর রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসীমউদ্দীন রিপন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, দৈনিক ইস্টার্ন মিডিয়ার সম্পাদক নজরুল ইসলাম বিল্লাল,ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা প্রমুখ।

বক্তারা নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানিয়ে শ্রমিকদের স্বার্থে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মাইক্রোবাস শ্রমিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ।

তাদের অধিকার নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, “বর্তমানে মাইক্রোবাস শ্রমিকদের জন্য কোনো নির্দিষ্ট বসার স্থান নেই। যদি একটি স্থান নির্ধারিত করা হয়, তাহলে শ্রমিকদের পেশাগত দায়িত্ব পালনে তা সহায়ক হবে।”

অনুষ্ঠানে কমিটির বর্তমান সদস্য ও দায়িত্বপ্রাপ্তদের তালিকাও প্রকাশ করা হয়। নতুন কমিটি জেলার মাইক্রোবাস শ্রমিকদের অধিকার সংরক্ষণ এবং সংগঠনের কাঠামো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করে দায়িত্ব গ্রহণ করে।