বোয়ালমারীতে গাঁজাসহ আপন দুই ভাই আটক

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ , ২৬ মে ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে যৌথবাহিনীর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—ইমরুল ফকির ও সুজাত ফকির। তারা দুজনেই ওই এলাকার মতলেব ফকিরের ছেলে।

রোববার (২৫ মে) দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করে বোয়ালমারী সেনা ক্যাম্প ও থানা পুলিশের একটি যৌথ দল। অভিযানে তাদের বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, দুর্গাপুর এলাকায় একটি মাদকচক্র ঈদ উপলক্ষে বড় পরিসরে মাদকের চালান প্রস্তুত করছে। পরে যৌথবাহিনী নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ভাইকে ২০ কেজি গাঁজাসহ আটক করি। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।”

তিনি আরও জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার (২৬ মে) দুপুরে আদালতে পাঠানো হবে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, এলাকায় মাদকের ছড়াছড়ি দীর্ঘদিনের। তবে এবার প্রশাসনের কঠোর পদক্ষেপে তারা আশার আলো দেখছেন। এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন মহল।