তারুণ্যের সমাবেশ সফল করতে বিএনপি নেতা হিলালীর আহ্বান

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ , ২৬ মে ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মজিবুর রহমানঃ আগামী ২৮ মে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব এবং নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে বারবার ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত আপোষহীন বিএনপি নেতা আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী এই সমাবেশকে সফল করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জোর আহ্বান জানিয়েছেন।

জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগে ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’-এর আয়োজন করা হচ্ছে। তরুণ প্রজন্মকে রাজনীতির মূলধারায় সম্পৃক্ত করা, তাদের অধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

সমাবেশকে সফল করতে ইতোমধ্যে নেত্রকোনা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আলাদা আলাদা কর্মী সভার আয়োজন করেছে। ময়মনসিংহ বিভাগীয় অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ড. হিলালী বলেন, “এই সমাবেশ শুধু একটি কর্মসূচি নয়, এটি তরুণ প্রজন্মের অধিকার ও ভবিষ্যৎ নিশ্চিত করার লড়াইয়ের অংশ। তাই জাতীয়তাবাদী শক্তির সকল সৈনিককে এই ঐতিহাসিক কর্মসূচিকে সফল করতে সর্বশক্তি নিয়োগ করতে হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, তরুণদের রাজনৈতিক অধিকারের নিশ্চয়তা এবং জাতীয় মুক্তির সংগ্রামে আমাদের প্রত্যেকেরই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আসুন, আমরা সবাই মিলে ২৮ মে’র সমাবেশকে সফল করে তারুণ্যের কণ্ঠকে শক্তিশালী করি।”