উষ্ণ ভালোবাসায় যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলমকে বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ , ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলমের বদলিজনিত বিদায় উপলক্ষে এক উষ্ণ ও আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে নবীনগরের বিভিন্ন সংগঠন ও সুধীজনের উদ্যোগে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাকে শুভেচ্ছা জানান নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক মোহাম্মদ হোসেন শান্তি।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মনজুর আলমের নবীনগরে কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করেন। তাঁর পেশাদারিত্ব, সততা এবং বিশেষ করে উপজেলার যুব সমাজের জীবনমান উন্নয়নে গৃহীত নানামুখী পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেন তাঁরা। বক্তারা একবাক্যে স্বীকার করেন যে, মনজুর আলম তাঁর কর্মদক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে নবীনগরের যুব উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন, যা স্মরণীয় হয়ে থাকবে।

প্রধান অতিথি ইউএনও রাজীব চৌধুরী তাঁর বক্তব্যে মনজুর আলমের কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, “মনজুর আলম একজন অত্যন্ত দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা ছিলেন। তাঁর সময়োপযোগী উদ্যোগ ও প্রচেষ্টায় নবীনগরে অনেক সফল উদ্যোক্তা তৈরি হয়েছে, যা সত্যিই প্রশংসার দাবিদার।

আমিও ব্যক্তিগতভাবে তাঁর কাছ থেকে ভালো কিছু শিখেছি।” তিনি আরও বলেন, মনজুর আলমের বদলি নবীনগরের জন্য একটি ক্ষতি হলেও, তিনি তাঁর নতুন কর্মস্থলেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখবেন বলে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “জনাব মনজুর আলম তাঁর কর্মনিষ্ঠা ও স ব্যবহারে অল্পদিনেই নবীনগরের মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছেন।” তিনি বিদায়ী কর্মকর্তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বিদায়ী কর্মকর্তা মনজুর আলম তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি নবীনগরে কাজের সুযোগ দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মকালীন সময়ে সহকর্মী ও নবীনগরবাসীর কাছ থেকে পাওয়া আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কথা স্মরণ করে তিনি বলেন, “নবীনগরের স্মৃতি আমার হৃদয়ে অমলিন থাকবে।” তিনি নবীনগরের উত্তরোত্তর সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিদায়ী কর্মকর্তা জনাব মনজুর আলমকে তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উপস্থিত সকলে তাঁর সুস্বাস্থ্য কামনা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সার্বিক সাফল্য প্রত্যাশা করেন।